মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অচ্যুত পোতদার
বিনোদন ডেস্ক : বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। আমির খানের ব্লকবাস্টার ফিল্ম ‘থ্রি ইডিয়টস’-এ তাকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল। তার অভিনীত সেই চরিত্র আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। অভিনেতা ১৮ আগস্ট থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৮০ সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। তবে তার আগে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত ছিলেন অচ্যুৎ। তারপর ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন। পরবর্তী সময় টেলিভিশনের দৌলতে অভিনয় জগতে পা রাখা। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। ফিল্মি ক্যারিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে যেমন হিন্দি ছবি রয়েছে, তেমনই মারাঠি ভাষার সিনেমাও রয়েছে। তবে বলিউডে তিনি চেনামুখ হয়ে ওঠেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার হাত ধরে। কারণ তার সিনেমাতেই সবথেকে বেশি দেখা গিয়েছে অচ্যুৎ পোতদারকে।
অচ্যুতের মুখে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই সংলাপ আজও জনপ্রিয়। যেখানে কলেজের শ্রেণিকক্ষে আমিরের উদ্দেশে তাকে বলতে শোনা গিয়েছিল- ‘কেহেনা ক্যায়া চাহাতে হো? (কি বলতে চাও?)’ এছাড়াও ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পারিন্দা’, ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ থেকে ‘ভেন্টিলেটর’-এর মতো একগুচ্ছ বলিউড কমার্শিয়াল হিট সিনেমায় দেখা গিয়েছে অচ্যুৎ পোতদারকে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








