নাইজেরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে গাড়িবোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার প্রদেশের মাইদুগুরি শহরে ঘটেছে এই ঘটনা। খবর : রয়টার্স
ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, দু’টি যাত্রীবাহী বাস প্রদেশের রান শহর থেকে গামবোরু এনগালা শহরের দিকে যাচ্ছিল। পথে মাইদুগুরিতে দু’টি বাসেই বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়া পুলিশের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরিত বোমাগুলো ছিল শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকেই বাসে এই বোমাগুলো ফিট করে রাখ ছিল।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি, তবে ওই কর্মকর্তা জানিয়েছেন-এ ধরনের বোমা সাধারণত বোকো হারাম ব্যবহার করে। নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের প্রতি অনুগত। গত বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়ায় নিয়মিত বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাচ্ছে বোকো হারাম। বোর্নো এই গোষ্ঠীর ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








