শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই আজ তারা গানের ভুবনে জনপ্রিয়
অভি মঈনুদ্দীন ঃ দিলশাদ নাহার কণা, সানিয়া সুলতানা লিজা ও জানিতা আহমেদ ঝিলিক বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের তিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। লিজা ও ঝিলিকের অনেক আগেই গানের ভুবনে কণার যাত্রা শুরু হয়েছিলো।
আধুনিক গানে এবং সিনেমার গানে বর্তমান সময়ের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী কণা। বিশেষত গেলো বছর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তি পাবার পর তার কন্ঠে গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি এতোটাই সাড়া ফেলে যে গেলো বছরের শুরু থেকে এখন পর্যন্ত কণা’ই সবচেয়ে বেশি স্টেজ শো’তে অংশ নিয়েছেন। অর্থাৎ এই এক ‘দুষ্টু কোকিল’ গানটাই তার ক্যারিয়ার আরো অনেক বেশি আলোকিত করে দিয়েছে। যে কারণে স্টেজ শোগুলোতে কণা’র এই সময়ে চাহিদা আরো বেড়ে গেছে। কণা যে সময়টাতে গানকে পেশা হিসেবে বেছে নিয়েছেন সেই সময়ে দেশে গানের কোনো রিয়েলিটি শো হতো না। তবে কণা গানের ভুবনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই পেশা হিসেবে গানকে বেছে নিয়েছিলেন। বাংলা একাডেমি’ আয়োজিত নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় কণা সারা দেশের সকল প্রতিযোগির মধ্যে প্রথম হয়েছিলেন।
এছাড়াও আরো অন্যান্য প্রতিযোগিতায়ও তিনি প্রথম হয়েছিলেন। অর্থাৎ গানে যে তিনি সেরা তা প্রমাণ করেই গানের ভুবনে পথচলা শুরু করেন। লিজা ও ঝিলিক মূলত রিয়েলিটি শো’তে চ্যাম্পিয়ন হয়েই পেশাগতভাবে গানের ভুবনে পথচলা শুরু করেন। দুজনেরই গানের ভুবনে পথচলা শুরু হয় ২০০৮ সালে। তখন লিজা পড়েন দশম শ্রেণীতে, ঝিলিক পড়েন নবম শ্রেণীতে। ২০০৮ সালে লিজা দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। একই বছরে ‘চ্যানেল আই’ আয়োজিত প্রথম ‘সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ঝিলিক। আর সেই বছর থেকেই গানের ভুবনে তাদের পেশাগত যাত্রা শুরু। দুজনেরই বেশ কিছু শ্রোতাপ্রিয় আধুনিক গান রয়েছে। দুজনে সিনেমাতেও গান গেয়েছেন। কণা, লিজা, ঝিলিক তিনজনেরই সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। মঞ্চে সাধারণত তারা নিজেদের মৌলিক গানই গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিশেষ অনুরোধে তারা রুনা লায়লার গানই গাইতে ভালোবাসেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কণা বলেন,‘ আলহামদুলিল্লাহ গেলো বছরের শেষপ্রান্ত থেকে এখন পর্যন্ত স্টেজ শোতে বেশ ভালো ব্যস্ত সময় কেটেছে। আগামী ঈদে কাতারে শো করবো। ফিরে এসে দেশেও শো আছে। স্টেজ শো, নতুন নতুন গান, ভয়েজ ওভার সবমিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যদিয়েই কাটছে সময়।’
আরও পড়ুনলিজা বলেন,‘ এই মুহুর্তে মনটা ভীষণ ভালো। কারণ ইত্যাদিতে প্রচারিত আমার এবং রবি ভাইয়ের গাওয়া প্রেমের কাব্য হবে চুড়ান্ত গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এছাড়াও স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত সময় কাটছে। তবে স্টেজ শোতে থাকলেও মনটা কেমন যেন করে আমার আদরের মেয়ের জন্য।’
ঝিলিক বলেন,‘ আজকের এই অবস্থানে আসার নেপথ্যে আমি কৃতজ্ঞ চ্যানেল আই পরিবারের কাছে। আমার বাবা ও মা আমার জন্য যে কষ্ট করেছেন শ্রম দিয়েছেন তাদের এই ঋণ কোনোদিন শোধ হবার নয়। আমি আমার গানের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)

_medium_1774464140.jpg)
