ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫১ দুপুর

চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, তারপর যা ঘটল

চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, তারপর যা ঘটল

শাহীন রহমান, পাবনা : চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন। আশেপাশে স্টেশন নেই। বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে প্রায় সাড়ে তিন ঘন্টা। এত দীর্ঘ সময় ট্রেনে বসে থাকতে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে ওঠেন যাত্রী ও ট্রেনের স্টাফরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েন মহাবিপাকে। তাদের এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন এলাকাবাসী। যার ঘরে যা রান্না করা খাবার ছিল তাই দিয়ে সবার ক্ষুধা নিবারণ করেন।

এমনই এক অবিস্মরণীয় মানবিক ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্ধ এলাকার মানুষ। গতকাল রোববার বেলা ১১টার দিকে এমন দৃশ্যের অবতারণা হয়। পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের টিটিই আব্দুল আলিম মিঠু জানান, পাবনার বেড়া উপজেলার ঢালারচর থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস।

গতকাল রোববার সকাল সাতটার দিকে ট্রেনটি ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমি ওই ট্রেনে দায়িত্ব পালন করছিলাম। পথিমধ্যে সকাল ৮টা ৫ মিনিটে সাঁথিয়ার রাজাপুর স্টেশন পার হওয়ার পর সুজানগরের তাঁতীবন্দ এলাকায় হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ট্রেনটি চালু করতে বেলা ১১টা ৪০ মিনিট বেজে যায়।

মাঝখানে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সাড়ে তিন ঘন্টা সময় ট্রেনে বসে থাকতে গিয়ে অস্থির হয়ে ওঠেন যাত্রীরা। আশপাশে স্টেশন বা দোকানপাট কিছু ছিল না। ট্রেনের স্টাফসহ অনেক যাত্রী ক্ষুধায় তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশি বিপাকে পড়েন স্বজনরা।

আরও পড়ুন

টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, ট্রেনের যাত্রী আর স্টাফদের এমন করুণ অবস্থা দেখে এগিয়ে আসেন রেললাইন থেকে কিছু দূরে বসবাসকারী মানুষগুলো। বিনা স্বার্থে যার যা সামর্থ ছিল, যার ঘরে যা রান্না করা খাবার ছিল, তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বাড়ি থেকে গৃহবধূরা খাবার নিয়ে ট্রেনের কাছে পৌঁছান। কারো হাতে ছিল ভাত-ডাল, কারো হাতে খিচুড়ি, কারো হাতে রুটি-সবজি, আবার কারো হাতে পানি। এর মাঝেই কেউবা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদগ্রীব। বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। তাদের খাবার পানিতে শান্তি পায় সবাই।

টিটিই আব্দুল আলিম মিঠু তার প্রতিক্রিয়ায় বলেন, তাদের এমন মানবিক দৃষ্টান্ত আমি কোথাও দেখিনি। ওইসব মানুষগুলোর পরিবার দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মতো। অথচ কীভাবে তারা মানুষের কষ্টে পাশে দাঁড়ালো। পাবনার মানুষ যে কতটা আত্মিক আর অতিথি পরায়ণ তা আবারো প্রমাণ হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা