তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেবে ইসরায়েল।
হামাস’র পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো-এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। হামাস’র পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এদিকে, ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন এবং ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে ১১১ জন ফিলিস্তিনি রয়েছেন যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাস’র হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৬১ বছর।
গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাস’র পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। খবর : আল জাজিরা।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








