বগুড়ার নন্দীগ্রামে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মৌসুমের শুরুতেই চড়া দামে সার বিক্রির অভিযোগ করেছেন কৃষকেরা। এতে ইরি-বোরো চাষে খরচ বাড়ার আশঙ্কা করছেন তারা। বরাদ্দ কমের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে আগাম মৌসুমকে টার্গেট করেছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জানা গেছে, উপজেলায় বিএডিসি’র ২৩ জন ও বিসিআইসি’র ১৩ জন ডিলার রয়েছেন। এরমধ্যে সার তুলেছেন ৭/৮ জন। গত ডিসেম্বর মাসে ৩০৪ মেট্রিকটন টিএসপি, ৬৫৬ মেট্রিকটন ইউরিয়া এবং ৩৭৭ মেট্রিকটন এমওপি সার পেয়েছেন ডিলাররা। এরপর জানুয়ারি মাসের জন্য ২৯১ মেট্রিকটন টিএসপি, ১২৮৪ মেট্রিকটন ইউরিয়া এবং ৩৯৩ মেট্রিকটন এমওপি সার বরাদ্দ রয়েছে।
উপজেলার কৃষকরা ইরি-বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। কিছু মাঠে আবাদ কার্যক্রম সীমিতভাবে শুরু হয়েছে। তবে চাহিদামতো সার মিলছে না। ব্যবসায়ীরা প্রতিবস্তা টিএসপি এক হাজার ৫৪০ থেকে ১৬শ’ টাকা, এমওপি এক হাজার ১৫০ থেকে ১২শ’ এবং ইউরিয়া সার এক হাজার ৩৫০ থেকে ১৪শ’ টাকা দরে বিক্রি করছেন।
উপজেলার রণবাঘা, শিমলা ও ভাটগ্রাম এলাকার কয়েকজন কৃষক জানান, মৌসুমের আগেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ডিলাররা। চড়া দামে কিনতেও হচ্ছে। আবার চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। প্রতি বস্তায় ২০০-৩০০ টাকা বেশি দিলেই সার মিলছে। এ অবস্থায় ইরি-বোরো চাষে কৃষকের অতিরিক্ত খরচ গুনতে হবে।
সার বরাদ্দ কমের অজুহাত দিচ্ছেন বিসিআইসি ও বিএডিসি ডিলাররা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন সার ব্যবসায়ী বলেন, উপজেলার ডিলার ব্যবস্থাপনা ভালো না। তারাই বেশি দামে সার বিক্রি করছেন। ডিলাররা ঠিকমতো সার তোলেন না। সংকট দেখিয়ে কিছু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন।
রণবাঘা বাজারের বিসিআইসি ডিলার রাজীব প্রসাদ জানান, সরকারি বরাদ্দ ১৩৩ বস্তা সার। ফলে ইরি-বোরো মৌসুমে সংকট হতে পারে। কিছু ব্যবসায়ী টিএসপি ও এমওপি সার বেশি দামে বিক্রি করছেন শুনেছি। ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কমে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার গাজীউল হক বলেন, সরকারি খুচরা দামের চেয়ে বেশি দাম নেওয়ার সুযোগ নেই। এর আগে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে জরিমানা করা হয়েছে। উপজেলায় সার সংকট নেই। অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)